কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা পলাতক থাকায় আসন্ন সংসদ নির্বাচনের মাঠে তাদের দেখা যাচ্ছে না।দলীয় প্রতীকে নির্বাচন করারও সুযোগ নেই। তবে ঠিকই বিভিন্ন ফন্দিতে দলটির বেশ কয়েকজন নেতা বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।তাদের মধ্যে অন্যতম মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতা ড. রফিকুল ইসলাম খান।

আনুষ্ঠানিকভাবে মাঠের বাইরে থাকলেও মানিকগঞ্জের রাজনৈতিক বাস্তবতা যেন ভিন্ন বার্তা দিচ্ছে।দলীয় পরিচয় বদলে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনি মাঠে সক্রিয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি ড. রফিকুল। বিষয়টি জানাজানি হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

গত ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. রফিকুল।এলাকায় তিনি আগে থেকেই আওয়ামী ক্যাডার হিসেবে পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে, ড. রফিকুল মিশৌরি অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।আগে বেশ কয়েকবার চেষ্টা করেও নৌকা প্রতীকে নির্বাচন করতে পারেননি। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।