আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নরসিংদীতে পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনারগণ পোলিং এজেন্টদের দায়িত্ব, কর্তব্য, ভোটগ্রহণ পদ্ধতি ও ভোট গণনার বিস্তারিত প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পোলিং এজেন্টদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকলকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ শাহীন আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত পোলিং এজেন্টগণ উপস্থিত ছিলেন।