রমজান মাসজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

এর ফলে আপাতত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা কার্যকর থাকছে না।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের পর শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জানা গেছে, রমজান মাসে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রমজান মাসে স্কুল বন্ধ রাখার আদেশ দেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে সোমবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নিয়মিত আপিল বেঞ্চে শুনানির মাধ্যমে নির্ধারিত হবে বলে জানা গেছে।