যশোরের বাঘারপাড়া পৌর সদরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তা ও তৎসংলগ্ন এলাকা, পাশাপাশি উপজেলা মোড় ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, একই স্থানে বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে সমাবেশের ডাক দেওয়ায় সংঘাতের আশঙ্কা তৈরি হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও ভূপালী সরকার জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই নির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়।