যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটায় ব্যবহারের জন্য ডিজেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পাশের ‘তাহের ফিলিং স্টেশন’ থেকে অবৈধভাবে ইটভাটায় ব্যবহারের জন্য প্রায় ৬০০ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ব্যারেলভর্তি ডিজেল আটকে দেন।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পায়। পরে পেট্রোলিয়াম আইনে স্টেশনের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস জানান, জ্বালানি খাতে অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।