সুদের টাকা না পেয়ে গরু ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা না পেয়ে মাঠ (বিল) থেকে তিনটি গরু ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ অহিদুল ইসলাম বাদী হয়ে শ্যামনগর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায় মোঃ লিয়াকত আলীর সঙ্গে বাদী অহিদুল ইসলামের পিতা মোঃ শুকোর আলী মল্লিকের সুদের লেনদেন ছিল। ভুক্তভোগী পক্ষ দাবি করেছে, মূল টাকা পরিশোধ করা হলেও অতিরিক্ত সুদের টাকা দাবি করে আসছিল বিবাদী পক্ষ। সেই অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয় এরই জেরে লিয়াকত আলী তার স্ত্রী মর্জিনা খাতুন ও ভাই শাহজাহান আলী গাজীসহ কয়েকজনকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে অহিদুল ইসলামের বাড়ির সামনে বিল থেকে তিনটি পোষ্য গরু জোরপূর্বক পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
নিয়ে যাওয়া গরুগুলোর মধ্যে একটি এঁড়ে গরু, একটি গাভী ও একটি বকনা গরু রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গরুগুলো ফেরত চাওয়ার জন্য বিবাদীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সুদের টাকা আদায়ের জন্য গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এ সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গরু নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন আমি টাকা পাবো, তাই গরু ধরে এনেছি।তবে তিনি সুদের টাকার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।