রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে। এক যুগেরও বেশি সময় পর ২০২১ সালের ২৮ জানুয়ারি নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রদান করে ১৯ মার্চ ২০২৫। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আজ জাগপা’র নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। 


জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন,নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপা’র ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় “র” এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। শুধু বিদেশ নয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।