যশোর-নড়াইল সড়কের দাইতলায় বাস চাপায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলির ছেলে এবং মর্ডান ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেন বাইসাইকেলে রাস্তা পার হওয়ার সময় নড়াইলগামী একটি লোকাল বাস তাকে পেছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় উত্তেজিত জনতা চালক রায়হানকে (২৫) আটক করে গণপিটুনি দেয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হবে। 

বর্তমানে ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
👤
মাসুদুর রহমান
যশোর জেলা প্রতিনিধি