Primeedition
যশোরে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীমকে পিটিয়ে হত্যার মামলার অন্যতম আসামি ইসমাইলকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ইসমাইল যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গত ১৬ জানুয়ারি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের গোবিন্দ মোড়ে একটি দোকানের সামনের মাচার ওপর শুয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন শামীম। ওই রাতে সংশ্লিষ্ট দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগীরা শামীমকে চুরির সন্দেহে বেদম মারধর করেন। পরে রাত ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ইসমাইল পলাতক ছিলেন। শনিবার আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য করুন