এডিশন ডেস্কঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এর তীব্র সমালোচনা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছেন জয়। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে।’
সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের বিষয়টি খারিজ করে দিয়েছেন জয়। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে নয়াদিল্লিকে সতর্ক করেছেন।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়। তার দাবি, জঙ্গিরা তাকে (শেখ হাসিনা) হত্যার পরিকল্পনা করছে।