হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় এনসিপি নেতারা।
বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন অকৃতজ্ঞ। শিলং থেকে এসে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে যে ছাত্র-জনতার অবস্থানের মহানায়ক ও মহা যোদ্ধাদের উপর নিজ দলের ছাত্র সংগঠন দলীয় টি সার্ট পরে হামলা করে তখন তার ক্ষমতায় থাকার সুযোগ থাকে না। ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
বক্তারা আরো বলেন, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পেছনে সারজিস, নাছির উদ্দিন পাটওয়ারী, নাহিদ ইসলাম ও আখতার হোসেনদের অবদান। নিজের দলের ছাত্র সংগঠন দিয়ে তাদের উপর হামলা কলঙ্কিত ইতিহাস তৈরি হয়েছে।
সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। এই হামলায় ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। তাঁতে আপনাদের ক্ষমতার মসনদ বালুকণার মতো উড়ে যাবে। আমরা রাজপথে নামলে আপনাদের পালানোর পথ থাকবে না।