নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের নেতার লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল (বিএনপি) নেতা খুন হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়া গ্রামে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে ও ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের (বিএনপি) সহসভাপতি ছিলেন।
অভিযুক্ত শহীদুল্লাহ (৬৫) একই এলাকার সুন্দর আলীর ছেলে। সে ৪ নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ সভাপতি। এ ঘটনায় তার ছেলে জীবন মিয়াও জড়িত বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেননি।
আজ শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ কাটতে যান মিজান। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন শহীদুল্লাহ ও তার ছেলের হাতে থাকা লাঠির আঘাতে মিজান মাটিতে লুটিয়ে পড়ে, স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেছেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।