নরসিংদী জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শনিবার ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে রাতে তাকে নরসিংদী মডেল থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃত শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শাহ জালাল আহমেদ শাওন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।