নির্মাণকাজ শেষ হওয়ার এক মাসের মাথায় ধসে পড়েছে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা থেকে কোমলপুর পর্যন্ত নবনির্মিত ইটের সড়ক। সামান্য বৃষ্টি ও স্বাভাবিক যানবাহনের চাপই সইতে পারেনি সড়কটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঝাঁপা–কোমলপুর সংযোগ সড়কটি ইট দিয়ে নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও এক মাস না যেতেই সড়কের বিভিন্ন অংশে ইট বসে যাওয়া, খানা-খন্দ ও ফাটল দেখা দেয়। কোথাও কোথাও ইট উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “রাস্তা বানানোর সময়ই আমরা দেখেছি ইট ও বালুর মান ভালো ছিল না। ঠিকমতো রোলারও চালানো হয়নি। এখন সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙে যাচ্ছে।”
স্থানীয় স্কুল শিক্ষার্থী আবু সাইদ, কুদ্দুস আলি ও ভ্যানচালক আতিয়ার রহমান, সাদেক আলি ভোগান্তির কথা জানিয়েছেন। একজন ভ্যানচালক আহসান হাবীব বলেন, “নতুন রাস্তা হওয়ায় ভেবেছিলাম চলাচল সহজ হবে। কিন্তু এখন আগের চেয়েও খারাপ অবস্থা। গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে জনদুর্ভোগ কমবে এবং ভবিষ্যতে এমন নিম্নমানের কাজ আর হবে না।
স্থানীয়দের দাবি:
কাজের মান যাচাই করে তদন্ত কমিটি গঠন
দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের