বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা নিখিল আঢ্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে
নাশকতা মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাঙ্গুড়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল কুমার আঢ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার কমলাপুর বাজারে নিজ বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে খাজুরার ভাটার আমতলা এলাকায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখের পাশাপাশি আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার তদন্তে নিখিল কুমার আঢ্যের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ভিটাবল্লা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "নাশকতা মামলার আসামি নিখিল কুমার আঢ্যকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।"