যশোরের বাঘারপাড়ায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। দণ্ডপ্রাপ্তরা হলেন— এস্কেভেটর (খননযন্ত্র) চালক সাব্বির হোসেন (১৮) ও তার বাবা শাহাবুদ্দিন (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সৈয়দ মাহমুদপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার বাধা দিলেও তারা তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যায়।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি এস্কেভেটর, দুটি ড্রাম ট্রাক ও একটি ট্রাক্টরসহ মাটি বহনকারী ট্রলি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভূপালী সরকার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাদের প্রত্যেককে দেড় লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় কারাদণ্ড কার্যকর রয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।