বাঘারপাড়ায় জমি বিরোধে বসতবাড়িতে হামলা, মা–ছেলেকে পিটিয়ে জখম
বাঘারপাড়া (যশোর) :
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মারধরে মা–ছেলেসহ দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দোহাকোলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দোহাকোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ লিটন হোসেন (৩৮) এবং তার মা লাল বানু খাতুন (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার তারেক, মিঠু ও লিটনদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লিটনদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং লিটন ও তার মাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।