জয়পুরহাটের কালাই উপজেলায় মুরালী ভাবকি খাল খনন কাজের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তিনি বলেন, সারাদেশে নদী–নালা ও খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।
সোমবার দুপুরে কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক মাসের মাথায় সারাদেশে নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার।
এর ধারাবাহিকতায় জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুধু এই খাল নয়, সারাদেশে খাল খনন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে এ এলাকার অনেক আলুক্ষেত পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকদের সেচ দিতে কষ্ট হয়।
খাল খনন শেষ হলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি সেচকাজে ব্যবহার করা যাবে। এতে কৃষকদের ভোগান্তি কমবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। পাশাপাশি ইমাম, মোয়াজ্জেম, খতিব এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আল মামুন মিয়া, মিনা মাহমুদা, গোলজার রহমান, মাসুদ রানা প্রধান, রিয়াদুল ইসলাম, শামীম আরাসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকি—এই চারটি খাল মিলিয়ে মোট ১৫ হাজার ৩১০ মিটার খননের জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি খালের ২ হাজার ৮০০ মিটার খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা। কাজগুলোর তদারকি করবে পানি উন্নয়ন বোর্ড।