যশোরের বাঘারপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড (বিআরডিবি)-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব ওলিয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ রাজনৈতিক ও সামাজিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গত ৪ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জানাজা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. গোলাম রসুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আশরাফ আলী, বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মো. আবু মুছা, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক মো. সুমন হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মাওলানা এরশাদ আলী, মাওলানা আব্দুল হালিম, মাওলানা তবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন।
৫ জানুয়ারি বেলা ১১টায় মরহুমের নিজ গ্রামে অবস্থিত তাঁর প্রথম কর্মস্থল সম্মিলিত বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তারা মরহুম ওলিয়ার রহমানের শিক্ষা ও কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন।
শিক্ষা বিস্তারে তাঁর অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা মন্তব্য করেন।
মাসুদুর রহমান
যশোর জেলা প্রতিনিধি