অসহায় ও দুস্থ পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে “আইডিয়াল সমাজকল্যাণ সংস্থা (ISWO)”। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি এক অসহায় পরিবারকে একটি ব্যাটারিচালিত রিকশা প্রদান করা হয়েছে। এটি ছিল সংগঠনটির প্রথম “স্বাবলম্বীকরণ প্রকল্প”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান রেজা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দাতা সদস্য ও সংগঠনের অন্যান্য সদস্যরা। উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আজিজুর রহমান এবং গাবুখালি মাগুরা ইউনাইটেড কলেজের সম্মানিত শিক্ষক মোঃ হযরত আলী।
সংগঠন সূত্রে জানা যায়, রিকশাটি প্রদান করা হয় মোঃ মকছেদ নামের এক অসহায় ব্যক্তিকে, যিনি দীর্ঘদিন ধরে একটি বিরল চর্মরোগে আক্রান্ত। তার পাঁচ সন্তানের মধ্যে তিনজনও একই রোগে ভুগছে। জীবিকার তাগিদে তিনি আগে ভাড়ায় রিকশা চালাতেন।
নিজস্ব রিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে মোঃ মকছেদ সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই রিকশাটি আমার পরিবারের জন্য অনেক বড় সহায়তা। এখন আমি আরও ভালোভাবে সংসার চালাতে পারব এবং ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহন করতে সুবিধা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি ছাত্রদের নিয়েও কাজ করার পরামর্শ দেন।
সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান রেজা এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় সকল সদস্য ও দাতা ব্যক্তিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে “আইডিয়াল সমাজকল্যাণ সংস্থা (ISWO)” বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা,আর্থিক সহায়তা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।