আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতা ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করে।
রাজধানী কাম্পালায় আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন জানায়, মোট ভোটের প্রায় ৭২ শতাংশ পেয়েছেন ৮১ বছর বয়সী মুসেভেনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, পপসংগীতশিল্পী থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইন পেয়েছেন ২৪ শতাংশ ভোট। এই জয়ের মাধ্যমে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিজের শাসনকালকে পঞ্চম দশকে নিয়ে গেলেন মুসেভেনি।
সহিংসতা ও ভোট জালিয়াতির অভিযোগের মধ্যেই অনুষ্ঠিত এ নির্বাচন মুসেভেনির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তার উত্তরসূরি কে হবেন—এ নিয়ে চলমান জল্পনার প্রেক্ষাপটে এই ফলাফলের তাৎপর্য বেশি।