মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে সোমবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও সক্ষমতা আরও জোরদার হলো।
ইরানে চলমান গণবিক্ষোভ দমনে কঠোর নীতির প্রেক্ষাপটে এই রণতরি ও এর সহগামী যুদ্ধজাহাজগুলো মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসেন, তবে তিনি স্পষ্ট করেছেন যে, সব ধরনের বিকল্প এখনো খোলা রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি বর্তমানে “আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের” লক্ষ্যে মোতায়েন রয়েছে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,যুক্তরাষ্ট্রের “ইরানের খুব কাছেই একটি শক্তিশালী নৌবহর অবস্থান করছে”।একই সঙ্গে তিনি দাবি করেন,তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে এবং একাধিকবার যোগাযোগ করেছে।