ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। দলটির নতুন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে। শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হলো।
কমিটিতে ২৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।সদস্যদের মধ্যে রয়েছেন—ব্যারিস্টার ওমর ফারুক,নুসরাত তাবাসসুম জ্যোতি,অ্যাড. জহিরুল ইসলাম মুসা,অ্যাড. হুমায়রা নূর,আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ,মোহাম্মদ মিরাজ মিয়া,লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা,ফয়সাল মাহমুদ শান্ত,তাহসীন রিয়াজ,লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।