Primeedition
যশোরের মণিহার চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘বিপ্লবী ছাত্রজনতা’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের ফলে যশোর-খুলনা ও যশোর-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে অনুষ্ঠিত মানববন্ধনে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কর্মসূচির নেতৃত্বদানকারী উম্মে সাদিয়া তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হবে। তিনি কোনো ধরনের বিদেশি দালালি বা আপসের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতিশোধের দাবি জানান।
বিক্ষোভকারীরা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। কর্মসূচিতে মাহমুদুল হক সোহান, সোহানুর রহমান, আমির হামজা, আরিফুল ইসলাম টিটোসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি একই দাবিতে শহরের চাঁচড়া মোড়েও ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল।
মন্তব্য করুন