যশোরের মণিরামপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, মণিরামপুর থানার এসআই এমরানুর কবির, এএসআই এবাদুল ইসলাম, কনস্টেবল আসিক ও সজিবসহ পুলিশের একটি চৌকস দল মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী এলাকায় নৈশকালীন অভিযান চালায়। অভিযানে নোয়ালী গাজী পাড়ার আঃ রহিমের বসতবাড়ির বারান্দা থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের তল্লাশি চালিয়ে পুলিশ ইসমাইল হোসেনের (৪৫) কাছ থেকে ৮৫ পিস ইয়াবা বিক্রির নগদ ৩,৫৪০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। সে নোয়ালী গাজী পাড়ার আঃ রহিম গাজীর ছেলে। অপর সন্দেহভাজন
সোহেল রানার (২২) কাছ থেকে ১৯ পিস ইয়াবা এবং ১০ গ্রাম গাঁজা উ'দ্ধার করে। সে নোয়ালী মিস্ত্রি পাড়ার মিজানুর রহমানের ছেলে।
মণিরামপুর থানা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।