এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ও হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, যারা ভোট চাইতে আসবে তাদের বলবেন, হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।
বুধবার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে, তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারোজন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে।গত আওয়ামী আমলে গুম,খুন,হত্যাসহ সব ধরনের জুলুম করেছে।বর্তমানে একটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের সংবাদ আমাদের দিয়েছে।সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট।আপনারা গুম,খুন,হত্যাসহ সব ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারোদলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন।